হরমুজ প্রণালির বিকল্প রুটে জ্বালানি তেল পরিবহন জোরদার করতে লোহিত সাগর উপকূল পর্যন্ত বিস্তৃত প্রধান অপরিশোধিত তেল পাইপলাইনের সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা বিবেচনা করছে সৌদি আরব। দুবাইভিত্তিক গণমাধ্যম আল আরাবিয়া এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, পরিকল্পনাটি বাস্তবায়িত হলে সৌদি আরব এবং সম্ভাব্যভাবে প্রতিবেশী দেশগুলো হরমুজ প্রণালি এড়িয়ে আরও বেশি পরিমাণ অপরিশোধিত তেল নিরাপদে পরিবহন করতে পারবে। এতে মধ্যপ্রাচ্যের জ্বালানি সরবরাহ ব্যবস্থা আরও স্থিতিশীল হবে বলে ধারণা করা হচ্ছে।
আশির দশকের শুরুতে নির্মিত পূর্ব-পশ্চিম পাইপলাইনটি সাম্প্রতিক সময়ে নতুন করে কৌশলগত গুরুত্ব পেয়েছে। বিশেষ করে গত ফেব্রুয়ারিতে ইরান যুদ্ধ শুরু হওয়ার পর হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় এই পাইপলাইন বিকল্প রুট হিসেবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। বর্তমানে এই পাইপলাইনের মাধ্যমে লোহিত সাগরের ইয়ানবু বন্দরে প্রতিদিন সর্বোচ্চ ৭০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল পরিবহন করা সম্ভব। রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকোর প্রধান নির্বাহী কর্মকর্তা গত মে মাসে জানান, এর মধ্যে প্রায় ২০ লাখ ব্যারেল পশ্চিম উপকূলের শোধনাগারে সরবরাহ করা হয় এবং অবশিষ্ট প্রায় ৫০ লাখ ব্যারেল রপ্তানি করা হয়।
সংশ্লিষ্ট সূত্রগুলোর বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, পাইপলাইনের পরিবহন সক্ষমতা আরও ২০ লাখ ব্যারেল বাড়ানোর লক্ষ্যে সৌদি আরব ইতোমধ্যে কয়েকটি প্রতিবেশী দেশের সঙ্গে প্রাথমিক পর্যায়ের আলোচনা শুরু করেছে। বিশেষজ্ঞদের মতে, প্রকল্পটি বাস্তবায়িত হলে আঞ্চলিক জ্বালানি নিরাপত্তা জোরদার হবে এবং সংকটকালেও তেল সরবরাহ অব্যাহত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।